Published : 26 Mar 2026, 03:05 AM
রাজধানীতে অভিযান চালিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি এবং গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে শহরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্র বলছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ, এক-এগারোর সময় তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের অনিয়মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করা হয়েছে।
এর আগে, গত বছর মে মাসে আদালত শেখ মামুন খালেদ এবং তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত করছিল। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদকে আটকের পর তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, গত সোমবার রাতে এক-এগারোর অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মানব পাচারের মামলায় পুলিশি রিমান্ডে আছেন। শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন এবং ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই পদে ছিলেন।।
ঈদের পশু বাজারে সরবরাহ ঠিক, দামও হাতের নাগালে; বৃষ্টিতে বিপাকে ক্রেতা-বিক্রেতা