Published : 21 Jan 2026, 08:06 PM
আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়ে ম্যাচ খেলতে হবে, অন্যথায় প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন কঠোর বার্তা দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সূত্রে খবর, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, ভারত সফরে খেলতে অপারগতা দেখালে আসন্ন বিশ্বকাপে তাদের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার অধিকাংশ পরিচালকই মনে করেন, বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, তবে তাদের জায়গায় অন্য দলকেই সুযোগ দেওয়া উচিত। জানা যায়, ১৫ জন পরিচালকের মধ্যে শুধু পাকিস্তানই বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। এর আগে, টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে বিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি ও অন্যান্য বোর্ডকে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতেই জরুরি এই সভা ডাকা হয়।
সূত্র বলছে, ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি, বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশকে সরকারের সাথে আলোচনা করে নিজেদের অবস্থান নিশ্চিত করতে হবে। যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে গ্রুপ 'সি'-তে তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্মানির পেছনে থাকায় স্কটল্যান্ড সরাসরি মূল পর্বে জায়গা পায়নি। এর আগে, ভারত সফরে বাংলাদেশের অসম্মতি জানানোর পর এই অচলাবস্থা নিরসনে আইসিসি বোর্ড সভা শুরু হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর পরিচালকরা অংশ নেন। ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনা থেকেই মূলত সমস্যার সূত্রপাত।
বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার পরদিনই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তারা ভারতে বিশ্বকাপ খেলতে পারবে না। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধও জানানো হয়। এরপর আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক সভা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বিসিবি দফায় দফায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে, অন্যদিকে আইসিসি বলছে, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই।।
তনু হত্যার রহস্যে নতুন মোড়! নয় বছর পর ডিএনএ পরীক্ষায় পোশাকের রক্তে আরও একজনের পরিচয়