Published : 04 Mar 2026, 11:06 PM
মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় তুমুল উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মিছিল করেছে। বুধবার বিকেলে জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে গাংনী শহরে বিক্ষোভ করে। এর জবাবে সন্ধ্যায় বিএনপির একটি অংশও মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ‘দুপুরের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য (মেহেরপুর-২) ও জামায়াত নেতা নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আসাদুজ্জামান ও তার সমর্থকদের বিরুদ্ধে জামায়াত নেতা কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইনের উপর হামলার ও মারধরের চেষ্টার অভিযোগ ওঠে। বেলা ১১টার দিকে সভার মধ্যেই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা যায়, সভা চলাকালে হঠাৎ ১৫-২০ জনের একটি দল মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা হলরুমে ঢুকে পড়লে হট্টগোল শুরু হয় এবং সভা পণ্ড হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে বিকেল চারটার দিকে জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে গাংনী শহরে মিছিল বের করে। তারা বিএনপি নেতা আসাদুজ্জামানের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। জামায়াতের মিছিলে আসাদুজ্জামানের বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে সন্ধ্যায় বিএনপির কর্মীরাও পাল্টা মিছিল বের করে। মিছিল শেষে বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে আসাদুজ্জামান বলেন, ‘যারা লাঠিসোঁটা নিয়ে শহরে ঘোরাঘুরি করছে এবং বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’।
বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল, কিন্তু প্রাকৃতিক কারণে মাঝে মাঝে বিভ্রাট অনিবার্য