Published : 19 Feb 2026, 03:04 AM
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির আনুষ্ঠানিকতা এড়িয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। বুধবার তিনি নিজের টয়োটা গাড়ি ব্যবহার করে সাভার ও শেরেবাংলা নগরের কর্মসূচি সম্পন্ন করেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে জানান, প্রধানমন্ত্রী যানজট কমাতে গাড়িবহরের আকার কমিয়ে দিয়েছেন। আগে যেখানে ১৩-১৪টি গাড়ির বহর থাকত, সেখানে আজ মাত্র চারটি গাড়ি ছিল। শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন।
তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অথবা কোনো বিদেশি অতিথির সফরে গাড়িতে পতাকা ব্যবহার করা হবে। এছাড়াও, প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে মন্ত্রীদের সচিবালয় থেকে আসা-যাওয়াতে সাধারণ মানুষের জন্য রাস্তায় যানজট সৃষ্টি হতো। তাই জনগণের ভোগান্তি কমাতে সচিবালয়েই বেশিরভাগ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে পোশাকধারী পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করারও নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
সকালে গুলশানের বাসা থেকে সাদা টয়োটা গাড়িতে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উভয় স্থানেই তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে, প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করেন।।
বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল, কিন্তু প্রাকৃতিক কারণে মাঝে মাঝে বিভ্রাট অনিবার্য