Published : 14 Jul 2026, 11:13 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ওষুধ শিল্পে পেশাদারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি, যার নাম ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ–এসিপিবিএ)’ চালু করা হবে। আজ মঙ্গলবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইবিএ-এর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর প্রধান অপারেটিং অফিসার রাব্বুর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইবিএ-এর এসিপিবিএ–এসিপিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক মো. মহিউদ্দিন, আইবিএ-এর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এইচআর এম আরশাদ ভূঁইয়া। বক্তারা জোর দিয়ে বলেন যে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এই সহযোগিতা আরও শক্তিশালী করা অপরিহার্য।
তারা আশাবাদ ব্যক্ত করেন যে এই উদ্যোগ দেশের ফার্মাসিউটিক্যাল খাতে উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি করতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সমঝোতা স্মারকের অধীনে, আইবিএ এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করবে। এর মূল লক্ষ্য হলো ওষুধ শিল্পে কর্মরত কর্মকর্তাদের ব্যবসায় প্রশাসন, নেতৃত্বদান, ব্যবস্থাপনা এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসার ক্ষেত্রে আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা শিল্প খাতের চাহিদা অনুযায়ী পেশাগত সক্ষমতা অর্জন করতে পারে। প্রশিক্ষণটি প্রায় ছয় মাসের মেয়াদে পরিচালিত হবে, যেখানে মোট ১২০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। দুই বছরের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে মোট চারটি ব্যাচ পরিচালনা করা হবে এবং প্রতিটি ব্যাচে সর্বোচ্চ পঁয়তাল্লিশ জন অংশগ্রহণকারী থাকবে।
প্রশিক্ষণে আইবিএ-এর শিক্ষাবিদ এবং শিল্প খাতের অভিজ্ঞ জ্যেষ্ঠ নির্বাহীরা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ, কর্মশালা এবং উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণটি সম্পন্ন হবে। কোর্স সফলভাবে শেষ করা অংশগ্রহণকারীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রদান করা হবে।।