Published : 03 May 2026, 07:07 AM
ইরানের মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ ও নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা গুরুতর অবনতি হয়েছে। দ্রুত তাঁকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পরিবার এবং নোবেল কমিটি জোরালো দাবি জানিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ৫৪ বছর বয়সী নার্গিসকে উত্তর-পশ্চিম ইরানের একটি কারাগার থেকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে, তাঁরা অভিযোগ করেছেন, চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট বিলম্ব করা হয়েছে। নরওয়েতে বসবাসরত নার্গিসের ভাই বিবিসিকে জানান, ‘নার্গিসের রক্তচাপ হঠাৎ করে বিপজ্জনকভাবে কমে গেছে এবং চিকিৎসকেরা এখনো পর্যন্ত তা স্বাভাবিক করতে পারছেন না।’ ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদির। ইরানি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করার কারণে গত ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাই হামিদরেজা মোহাম্মদির ভাষ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে নার্গিস হার্ট অ্যাটাক করেন।
অন্য বন্দীরা তাঁকে অচেতন অবস্থায় খুঁজে পান। কারা কর্তৃপক্ষ তাঁর পুরোনো হৃদরোগ, ফুসফুসের সমস্যা ও নিম্ন রক্তচাপের বিষয়টি জানার পরেও হাসপাতালে পাঠাতে গড়িমসি করে বলে অভিযোগ করেন হামিদরেজা। হামিদরেজা মোহাম্মদির মতে, ‘বর্তমানে তাঁর প্রধান সমস্যা হলো রক্তচাপের তীব্র হ্রাস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি। তেহরানের কোনো বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে পরিচিত চিকিৎসকেরা তাঁর সঠিক চিকিৎসা করতে পারবেন।’ নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান ইয়ুর্গেন ওয়াটনে ফ্রিডনেসও একই উদ্বেগ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নার্গিস মোহাম্মদির জীবন এখনো বিপন্ন। নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জীবনের মোড়কে তিনি ১৩ বার গ্রেপ্তার হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা ভোগ করেছেন। ২০২১ সালে ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপ’ ও ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ এর অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড শুরু হয় তাঁর। যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তেহরানের এভিন কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পেলেও, তাঁর আন্দোলন অব্যাহত থাকে। এরপর, উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদে এক মানবাধিকার কর্মীর স্মরণসভায় বক্তব্য দেওয়ার পর তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরিবার জানায়, গ্রেপ্তারের সময় তাঁকে মারধর করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি, কারাবন্দী নার্গিসকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়া ও তাতে যোগদানের’ অভিযোগে এই মানবাধিকার কর্মীকে এই সাজা দেওয়া হয়েছে।।
ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন, হরমুজ প্রণালী খুলছে: ট্রাম্পের ঘোষণা