Published : 15 Aug 2026, 02:16 AM
দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের মাঝে এক স্বস্তির খবর নিয়ে এসেছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল। প্রতিষ্ঠানটি শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাসে রূপান্তর করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই টার্মিনাল থেকে দৈনিক ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়। আশা করা হচ্ছে, শনিবার (১৫ আগস্ট) সকালের মধ্যে এই সরবরাহ ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ৫৫০ এমএমসিএফডিতে পৌঁছাবে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক মোহসিনা হাসান নিশ্চিত করেছেন যে, এলএনজি বহনকারী জাহাজ 'বিডব্লিউ লেসমেস' সফলভাবে সামিট টার্মিনালে প্রবেশ করেছে।
এই অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং সাধারণ গ্রাহকদের গ্যাস সংকটে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে এলএনজি কার্গো টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপনে জটিলতা দেখা দেওয়ায় সরবরাহ বন্ধ ছিল। এর ফলে শুক্রবার জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে প্রায় ৩০০ এমএমসিএফডিতে নেমে আসে, যা বাসাবাড়ি, শিল্প এবং পরিবহনে তীব্র গ্যাস সংকট সৃষ্টি করেছিল। যদিও বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, 'আল হামরা' নামের একটি এলএনজি কার্গো গত তিন দিন ধরে বঙ্গোপসাগরে অপেক্ষায় থাকলেও সামিটের ভাসমান টার্মিনালে তা প্রবেশ করতে দেওয়া হয়নি।
অভিযোগ ওঠে, সামিট টার্মিনালটি কারিগরিভাবে পরিচালনা করে এক্সিলারেট এনার্জি, যারা জাহাজটির উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে ভিড়তে বাধা দিয়েছিল। তবে পেট্রোবাংলা কর্মকর্তাদের দাবি করেছেন যে, সামিট এবং এক্সিলারেট উভয়েরই এফএসআরইউ-ই আন্তর্জাতিক মানসম্পন্ন এবং তারা 'মস-টাইপ' ও 'মেমব্রেন-টাইপ' উভয় ধরনের এলএনজি জাহাজ থেকে গ্যাস গ্রহণ করতে সক্ষম। এই টার্মিনাল পুনরায় চালু হওয়ায় শিল্প খাতে উৎপাদন সচল রাখা এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় ধরনের অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।।
পশ্চিম তীরের শেষ খ্রিস্টান নগরী এখন ইসরায়েলিদের কব্জায়: ধ্বংস ও আতঙ্কের গল্প