Published : 09 Jul 2026, 08:06 AM
খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল নির্মূলে চলমান অভিযানগুলোকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনসহ মাঠ পর্যায়ের ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কার্যক্রম পরিচালনায় যে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, মাঠ পর্যায়ে অভিযানের জন্য উন্নত সরঞ্জাম সরবরাহ এবং প্রভাবশালী সিন্ডিকেটদের বিরুদ্ধে অভিযান চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির দাবিও জানানো হয়।
কর্মকর্তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এই বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, "সমস্যা থাকবেই। তবুও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে তা অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
" জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন। তিনি বলেন, দেশের অনেক লেক আবর্জনায় ভরে যাচ্ছে এবং দুঃখজনক হলেও শিক্ষিত মানুষের একটি অংশই এসব আবর্জনা ফেলছেন। তিনি জোর দিয়ে বলেন, শুধু সরকারের উদ্যোগে নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশকে পরিবর্তন করা সম্ভব। এর জন্য সকলের সচেতন হয়ে এগিয়ে আসা জরুরি। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
মিসর-আর্জেন্টিনা ম্যাচের সম্প্রচারে দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা করল ইসরায়েল