Published : 09 Jul 2026, 01:57 AM
চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এই গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী এই ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এই সম্মেলনে চীনা বিনিয়োগকারী এবং শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। এবারের সম্মেলনের মূল ভাবনা ছিল 'বৃহৎ পরিসরে উদ্ভাবন' বা 'ইনোভেটিং অ্যাট স্কেল'।
এই সম্মেলনের সভাপতিত্ব করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবার তারেক রহমান এই ফোরামে যোগদান করেন। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সৌজন্য সাক্ষাৎ হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ বৈশ্বিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী সংস্থাগুলোর আগ্রহ বাড়িয়ে তুলবে। ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এই সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।।
জরিমানা অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকারের তীব্র প্রতিবাদ