Published : 11 May 2026, 11:08 AM
ক্যাম্প ন্যুতে গতকাল রাতে এক রূপকথার রাত কাটিয়েছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সা। জয়োল্লাসে মেতে উঠেছে কাতালানরা। তবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন্য দিনটি ছিল আনন্দ ও বিষাদের এক মিশ্রণ। এল ক্লাসিকো শুরুর আগে তিনি পান পিতার মৃত্যুর খবর। ব্যক্তিগত শোক সত্ত্বেও পেশাদারিত্বের পরিচয় দিয়ে ডাগআউটে উপস্থিত ছিলেন এই জার্মান কোচ। ম্যাচ শেষে তিনি জানান, এই আনন্দ-বেদনার অনুভূতি তিনি কখনো ভুলবেন না। দলের খেলোয়াড়দের প্রশংসা করে ফ্লিক বলেন, তারা নিজেদের উজাড় করে খেলেছেন। আরও পড়ুনরিয়ালকে হারিয়েই বার্সার লিগ শিরোপা জয়৭ ঘণ্টা আগে পিতার মৃত্যুর শোকের মাঝে লিগ শিরোপা জেতার অনুভূতি জানতে চাইলে ফ্লিক বলেন, ‘আজ সকালে মা আমাকে খবর দেন যে বাবা আর নেই। আমি তখন ভাবছিলাম, এই খবরটা দলের কাছে গোপন রাখব, নাকি জানাব। আমার কাছে এই দল একটা পরিবারের মতো, তাই খেলোয়াড়দের জানিয়েছিলাম। এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলব না।
দিনটা আমার জন্য কঠিন ছিল।’ ন্যু ক্যাম্পের ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সার আনন্দ স্বাভাবিকভাবেই একটু বেশি। ফ্লিকও বললেন, ‘সমর্থকদের সামনে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানো সত্যিই অসাধারণ অনুভূতি। এটা দারুণ। তবে জেতাটা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা জিততে পারব, কিন্তু রিয়াল মাদ্রিদও শক্তিশালী দল। তবুও আমরা ভালো খেলেছি, ভালোভাবে রক্ষণ সামলেছি।’মৌসুমজুড়ে একের পর এক ইনজুরির কারণে বার্সেলোনার লিগ জয়ের পথ মসৃণ ছিল না। তবে ফ্লিকের দল হাল ছাড়েনি। ২৯তম লিগ শিরোপা জেতার পর সেই লড়াইয়ের কথা স্মরণ করে ফ্লিক বলেন, ‘ইনজুরি আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল, তবুও আমরা দারুণ খেলেছি। লিগের শেষ পর্বে আমাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। রক্ষণভাগে কুবারসি, জেরার্ড মার্টিন, এরিক—সবাই অসাধারণ খেলেছে।
’আরও পড়ুনপিএসজি এখন রিয়াল মাদ্রিদের পথে০৭ মে ২০২৬ লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা এখনো সাফল্যর মুখ দেখেনি। ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতা এই দল আগামী মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। টানা দুই লিগ জেতার পর ফ্লিক বলেন, ‘এখন আমাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। অবশ্যই, খেলোয়াড়েরা এখন উদযাপনের যোগ্য। আর আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য চেষ্টা করব।’টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার মাধ্যমে ফ্লিক শীর্ষ স্তরের লিগে নিজের সাফল্যের ধারা বজায় রাখলেন। এখন পর্যন্ত চারটি মৌসুমে দুটি দলকে নেতৃত্ব দিয়ে তিনি চারবারই শিরোপা জিতেছেন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে শিরোপা জেতেন ফ্লিক। আর বার্সার হয়ে জিতলেন ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে।।
সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ: পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ-কে জমি হস্তান্তর করছে