Published : 09 May 2026, 01:07 PM
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবার জিতেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, শোনা যাচ্ছে তিনি মন্ত্রীও হতে পারেন। আর এই জয়ের সুবাতাসেই আসছে রুদ্রনীল ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘আবার হাওয়া বদল’। ত্রয়োদশ বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া বদল’ সিনেমার সেই পরিচিত ত্রিমূর্তি - রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন আবারও একসঙ্গে বড় পর্দায়। সঙ্গে থাকছেন অনুষা বিশ্বনাথন। এই জুনেই মুক্তি পেতে চলেছে ‘আবার হাওয়া বদল’। বিগত কয়েক বছরে টালিউডে অনেক পরিবর্তন ঘটেছে। এর আগে রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি রাজ্য রাজনীতিতে যে পালাবদল ঘটেছে, তার প্রেক্ষাপটে আসন্ন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে এই সময়ে ছবিটি মুক্তি দেওয়াটা কি যথাযথ ছিল? রুদ্রনীল ঘোষ ‘সংবাদ প্রতিদিন’কে জানান, “সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে! আসলে, সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য নানা জটিলতা ছিল। ২০২৩ থেকেই সিনেমাটি তৈরি ছিল, গত ডিসেম্বরে মুক্তির পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু কিছু কারণে অনুমতি পাওয়া যাচ্ছিল না।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের পর মুক্তি দেওয়া যেতে পারে। নাটকীয়ভাবে পরিস্থিতি বদলালো, একদিকে পরম, অন্যদিকে আমি—সব মিলিয়ে একটা মজার পরিস্থিতি তৈরি হয়েছে (হাসি)। আমি শুধু এটুকু বলতে পারি, আগের সিনেমার মতো দর্শকদের এই সিনেমাটিও খুব ভালো লাগবে, বরং আরও বেশি ভালো লাগবে।”জানা গেছে, জুন মাসের মাঝামাঝি সময়েই ছবিটি মুক্তি পাবে। পড়ুন: ভোটে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজের। ২১ ঘণ্টা আগে দুই অভিনেতা ছিলেন দুই দলের, এতে কি কোনো অসুবিধা হতে পারে? পরমব্রত বলছেন, “আমি কোনো দলের নই। এটা সত্যি যে আমার রাজনৈতিক ভাবনা রুদ্রর দলের এবং ২০২৬ সালে পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে এমন দলের থেকে ভিন্ন। আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল, সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের সাথেই ছিল। আর তৃণমূলের কিছু ভুলত্রুটি সম্পর্কে আমরা সবাই অবগত ছিলাম। পরিস্থিতির বিচারে তারা ছিলেন মন্দের ভালো। তবে এবারের নির্বাচনে রুদ্রর দল যেভাবে জিতেছে, তার প্রতি আমার সম্পূর্ণ সম্মান আছে।
তারা বিগত ১০ বছর ধরে অনেক পরিশ্রম করেছে। কিন্তু তাদের আদর্শের সাথে আমি একমত নই। আমি কোনো দলের নই। রুদ্রর সাথে অনেক দিনের পরিচয়, আশা করি কোনো অসুবিধা হবে না। এতদিনেও তো হয়নি। সিনেমাটি সঠিক সময়ে মুক্তি পাচ্ছে। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমার মনে হয়, এই সময়ে মুক্তি পেলে ভালোই হবে।” সংবাদের উৎস: সংবাদ প্রতিদিন।।