Published : 19 Dec 2025, 03:07 AM
ছোটবেলা থেকেই দাঁতের নানা সমস্যায় ভুগছি। বর্তমানে আমার বয়স ৪০ বছর। এই বয়সে চারটি দাঁতে ফিলিং করিয়ে ক্যাপ লাগানো হয়েছে। তবে ক্যাপ লাগানো দাঁতের আশেপাশের দাঁতগুলোতে আবারও সমস্যা দেখা যাচ্ছে। একটি ক্যাপ লাগানো দাঁতের পাশ থেকে সামান্য ভেঙেও গেছে। দাঁতের ওই পাশ দিয়ে খেতে অসুবিধা হচ্ছে, তাই অন্য পাশ দিয়ে চিবোতে হচ্ছে। নতুন যে দাঁগুলোতে সমস্যা দেখা দিয়েছে, সেগুলোতে কি আবার ক্যাপ লাগাতে হবে? কোনো স্থায়ী সমাধানের উপায় আছে কি? আফতাব উদ্দিন, বেড়া, পাবনা আপনার বর্ণনায় মনে হচ্ছে দাঁতে বেশ কয়েকটি জটিলতা রয়েছে। সাধারণত, ছয় মাস বা বছরে অন্তত একবার একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের কাছে দাঁত স্কেলিং বা পরিষ্কার করানো উচিত।
নিয়মিত স্কেলিং করালে দাঁত ও মুখের প্রায় ৮০ শতাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব। দীর্ঘদিন স্কেলিং না করালে ক্যাপ লাগানো দাঁতসহ আশেপাশের দাঁতের ফাঁকে খাবার জমে যেতে পারে। এর ফলে দাঁতে ক্ষয় বা ক্যারিজ হতে পারে, যা আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে ফিলিংয়ের প্রয়োজন হতে পারে। পাশের দাঁতে ক্যাপ পরানো প্রয়োজন কিনা, তা নিশ্চিত করার জন্য দাঁতের এক্স-রে করা জরুরি। একজন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি দাঁত পরীক্ষা করে এবং এক্স-রের ফলাফল দেখে সমস্যার গভীরতা নির্ণয় করে আপনার জন্য স্থায়ী সমাধান দিতে পারবেন। সাধারণত দাঁতের ক্যাপ দুই স্তর দিয়ে তৈরি হয়—ভেতরের অংশ ধাতব এবং বাইরের অংশ পোরসেলিন বা সাদা আবরণের। বিভিন্ন কারণে কখনো কখনো বাইরের সাদা অংশটি ভেঙে যেতে পারে।
এমন পরিস্থিতিতে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ক্যাপটি খুলে মেরামত করে দিতে পারেন অথবা নতুন ক্যাপ তৈরি করে লাগিয়ে দিতে পারেন। এতে আপনার সমস্যা নিয়ন্ত্রণে আসবে। মনে রাখা জরুরি যে অন্যান্য শারীরিক সমস্যার মতো দাঁতের সমস্যার সমাধান শুধুমাত্র ওষুধের মাধ্যমে সম্ভব নয়। খালি চোখে সরাসরি পর্যবেক্ষণ এবং এক্স-রের মাধ্যমে রোগ নির্ণয় করে দাঁত ও মুখের যেকোনো জটিলতার চিকিৎসা করা হয়। তাই, আপনি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন। আরও পড়ুন: শীতকালে দাঁতে শিরশির অনুভূতি হয় কেন ২২ জানুয়ারি ২০২৫ স্বাস্থ্য জিজ্ঞাসার প্রশ্ন পাঠানো যাবে ই-মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই-মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ডাক ঠিকানা: অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA আরও পড়ুন: শীতে ত্বকের ৭টি সাধারণ সমস্যা ও সমাধান ০৯ ডিসেম্বর ২০২৫।