Published : 02 Nov 2025, 01:06 PM
চার্টার্ড অ্যাকাউন্টেন্সি—নাম শুনলেই চোখের সামনে লম্বা, কঠিন একটা পথ ভেসে ওঠে। অনেকেই মনে করেন, বহুবার চেষ্টা করেও এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন। এমনকি খুব সিরিয়াস ছাত্র-ছাত্রীদেরও লাগে ৩ থেকে ৫ বছর। তবে রিয়াজ উদ্দিন প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা আর চেষ্টা থাকলে সবকিছু সম্ভব। তিনি মাত্র দেড় বছরে সিএ কোর্স সম্পন্ন করেছেন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র রিয়াজ একইসাথে ক্লাস, টিএসসি-র আড্ডা আর ভবিষ্যতের চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন। জীবনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তিনি দ্বিধাগ্রস্থ ছিলেন। হঠাৎ তাঁর কানে আসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেশার কথা। বিবিএ শেষ করে সরকারি চাকরি বা কর্পোরেট জগতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক সালাহউদ্দীনের পরামর্শ আর ফিন্যান্সের প্রতি ভালোবাসাই তাঁকে সিএ হওয়ার পথে পরিচালিত করে। আরও পড়ুনপাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়াই টার্নিং পয়েন্ট, এখন পড়ছেন অক্সফোর্ডে৪ ঘণ্টা আগে শুরুর পথটা ছিল ভয় আর সংশয়ে ভরা।
অনেকে বলেন, বিবিএ-র পর সিএ শেষ করতে কমপক্ষে তিন বছর লেগে যায়। রিয়াজ ভাবতেন, এত ধৈর্য তিনি ধরে রাখতে পারবেন কিনা। তিনি বলেন, ‘সপ্তাহে দুদিনের ছুটিই ছিল আমার মূল শক্তি। সেই সময়টুকু আমি সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছি। সিএ-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময় ব্যবস্থাপনা এবং বিশাল সিলেবাস থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো বেছে নেওয়া। আমি খুব মনোযোগ দিয়ে এই কাজটি করেছি।’ ‘মন দিয়ে করা’র ফলস্বরূপ, রিয়াজ মাত্র ১ বছর ৬ মাস ২৩ দিনে সিএ কোর্স সম্পন্ন করেন। এর মাস দু-এক পরেই তিনি পরীক্ষার ফল জানতে পারেন। শুধু তাই নয়, তিনি আইসিএবি স্বর্ণপদকের জন্য মনোনীত হন। সেই অনুভূতি কেমন ছিল? রিয়াজ বলেন, ‘আমি আগে কখনো কোনো মেডেল পাইনি।
জীবনের প্রথম মেডেলের জন্য মনোনীত হওয়ার অনুভূতি ছিল অবিশ্বাস্য। এত দ্রুত আমি পাস করতে পারব, তা আমি বিশ্বাস করতে পারিনি।’ অল্প সময়ে সিএ সম্পন্ন করাটা বিরল কিনা, রিয়াজ জানেন না। তবে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় কথা। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ভবিষ্যতে একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে দেখতে চান। সিএ হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রিয়াজের পরামর্শ হলো, ‘ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই। পাশাপাশি, পরিশ্রম করার মানসিকতাও থাকতে হবে। পথটা কঠিন, তবে চেষ্টা করলে সেই কঠিন পথও সহজ হয়ে যাবে।’ আরও পড়ুনযশোরের এমএম কলেজের ক্লাবগুলো যেভাবে শিক্ষার্থীদের তৈরি করছে২ ঘণ্টা আগে।