Published : 12 Aug 2026, 06:16 AM
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ সম্প্রতি রাষ্ট্রায়ত্ত দুটি গুরুত্বপূর্ণ জুট মিলের ইজারা লাভ করেছে। এই চুক্তি অনুযায়ী, ৩০ বছরের জন্য এই বিশাল শিল্পসম্পদ তাদের দখলে এসেছে। ইজারার আওতায় অন্তর্ভুক্ত রয়েছে খুলনার দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলস্ লিমিটেড এবং সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস্ লিমিটেড। এই চুক্তির অধীনে, খুলনা অঞ্চলের স্টার জুট মিলসের ৪৫.৯৯ একর এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসের ৩৭.৯৭ একর জমি অন্তর্ভুক্ত হয়েছে।
এই সুযোগে প্রাণ-আরএফএল গ্রুপ বিপুল অর্থ বিনিয়োগ করে শিল্প বিপ্লব ঘটাচ্ছে। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস্ লিমিটেডে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ডেনিম পণ্য, জ্যাকেট, ওয়াশিং প্ল্যান্ট এবং হস্তশিল্প উৎপাদনের পাশাপাশি আধুনিক কাঁচামাল ও পণ্যের সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পে প্রায় ৬৫০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বার্ষিক ৬০০ কোটি টাকার বেশি টার্নওভার আশা করা হচ্ছে। অন্যদিকে, খুলনার স্টার জুট মিলস্ লিমিটেডে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করে একটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।
এখানে ভ্যালু অ্যাডেড পাটজাত পণ্য, ফার্নিচার এবং মিডিয়াম ডেনসিটি ফাইবার (এমডিএফ) বোর্ডসহ বিভিন্ন পণ্যের উৎপাদন নিশ্চিত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই কারখানা থেকে বার্ষিক ৫০০ কোটি টাকার টার্নওভার প্রত্যাশিত।।