Published : 17 Jul 2026, 11:14 PM
রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আবেদুর রহমান সিকদার দায়িত্ব গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার তিনি ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেয়। ব্যাংকিং জগতে আবেদুর রহমান সিকদারের কর্মজীবন অত্যন্ত সমৃদ্ধ। প্রায় তিন দশকের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদানের পর তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, দায়বদ্ধতা ব্যবসা, কার্ডস, ই-ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক পরিষেবা এবং বিতরণ নেটওয়ার্কের আধুনিকীকরণে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে ব্যাংকের ব্যবসায়িক বৃদ্ধি, গ্রাহক পরিষেবা, পরিচালনগত উৎকর্ষ এবং ডিজিটাল ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নেক্সাসপে ও রকেট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা কিউআর জনপ্রিয় করার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য, যার ফলে নেক্সাসপে একটি জনপ্রিয় ও উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং অ্যাপে পরিণত হয়। উত্তরা ব্যাংকে কর্মজীবন শুরু করার পর তিনি ব্র্যাক ব্যাংকের যাত্রার শুরু থেকেই যুক্ত ছিলেন। ব্র্যাক ব্যাংকে ষোলো বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং অপারেশনস, ট্রেজারি, রেমিট্যান্স, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, শাখা ব্যাংকিং, বিকল্প ব্যাংকিং, বিপণন ও কর্পোরেট সম্পর্ক, প্রিমিয়াম ব্যাংকিং এবং গ্রাহক অভিজ্ঞতার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্লাস্টার হেড ও বিভাগীয় প্রধান হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি শ্রীলঙ্কার ব্র্যাক লংকা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করেছেন। শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে আবেদুর রহমান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ব্যবসায় প্রশাসন বিষয়ে অধ্যয়ন করেছেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে চেয়ারম্যানস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড ও বেস্ট ব্র্যাঞ্চ ম্যানেজার অ্যাওয়ার্ড লাভ করেছেন।।
মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানি-রপ্তানির নতুন দিগন্ত: বাংলাদেশ ব্যাংকের যুগান্তকারী নীতিমালা