Published : 09 Jul 2026, 08:30 AM
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। এই মুহূর্তে দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭.৯৩ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য সাংবাদিকদের সামনে নিশ্চিত করেন। উল্লেখ্য, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে সমস্ত স্বল্পমেয়াদী ও সম্ভাব্য দায়বদ্ধতা বাদ দেওয়ার পর যে প্রকৃত ও ব্যবহারযোগ্য রিজার্ভ অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত রিজার্ভ বলা হয়।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ ৩১.৭২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে মে-জুন মাসে ১.৪৮ বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে পরিশোধ করা হয়েছে। আকু হলো এশিয়ার কয়েকটি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে এশিয়ার নয়টি দেশের আমদানি-রপ্তানি মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।
আকুর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান এবং মালদ্বীপ।।
বন্ধ শিল্পকে প্রাণ দিতে ২০ হাজার কোটির প্রি-ফাইন্যান্সের নতুন পথ: বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা