Published : 24 Aug 2026, 06:16 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু করার সম্ভাব্যতা যাচাই করতে নির্দেশ দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বর্তমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু থাকা মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব এবং অর্জনগুলো তুলে ধরা হয়। এই কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরসনে যে ইতিবাচক ফল এসেছিল, তা বিশেষভাবে আলোচিত হয়।
এই প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য এই উপবৃত্তি পুনরায় চালু করার সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন। এই কর্মসূচি বাস্তবায়নের সম্ভাব্য খরচ, সুবিধাভোগীর সংখ্যা, কার্যকর পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর জোর দেওয়া হয়। একই সাথে, ছেলেদের শিক্ষাকে উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি প্রদানের বিষয়েও আলোচনা হয়। দুই জেলায় মিড-ডে মিলের পাইলট প্রকল্পের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মুখ্য ছিল। বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জোর দেন যে খাবারের মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। মিড-ডে মিল বাস্তবায়নের ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় অংশগ্রহণের মাত্রা এবং খাদ্যের মান নিয়ন্ত্রণের ভিত্তিতে দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে দুটি জেলায় পৃথকভাবে পাইলট প্রকল্প চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।