Published : 16 Aug 2026, 06:16 AM
সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর 'স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা' বা অটো ফাইন সিস্টেম। আগামী মঙ্গলবার, অর্থাৎ ১৮ আগস্ট থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর করা শুরু করবে হাইওয়ে পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ব্যবস্থার আওতায় আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধভাবে পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে।
এআই ক্যামেরার মাধ্যমে আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত হওয়ার পর, সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে মামলার তথ্য পাঠানো হবে। এরপর মালিকরা নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবেন। হাইওয়ে পুলিশের মতে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায় প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে। এই ব্যবস্থা সড়কপথে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে রাজধানী ঢাকায়ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ স্বয়ংক্রিয় সিগন্যাল এবং এআই ক্যামেরা ব্যবহার করে সড়কের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছিল।।
প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতকে দিতে হবে অনুকূল পরিবেশ: পররাষ্ট্র মন্ত্রকের দাবি