Published : 06 Aug 2026, 04:16 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই মাসের আন্দোলন সংক্রান্ত বিতর্কিত পোস্টের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম শারাফাত শারিক রোহান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। উবধের তথ্য অনুযায়ী, রোহানের ফেসবুক অ্যাকাউন্টে করা দুটি পোস্ট সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনার জন্ম দেয়। তার একটি পোস্টে লেখা হয়, 'সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে, শত শত নিরীহ মানুষের লাশের ওপর পা মেরে রাজনীতি করা 'জুলাই জঙ্গি'দের পতন সমাগত। সত্য প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সত্যবাদীদের সঙ্গে আছেন।
জুলাই মুর্দাবাদ, মুক্তিযুদ্ধ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।' এই পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা তাকে হল থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখান থেকে প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। ফেসবুক পোস্টের বিষয়ে শারাফাত শারিক বলেন, 'আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি কেবল জুলাই মুর্দাবাদ ও জুলাই জঙ্গি শব্দ দুটি ব্যবহার করেছি, যা আমার অনুচিত হয়েছে বলে আমি অনুতপ্ত। জুলাই আন্দোলন ছিল মানুষের আবেগের জায়গা, সেখানে আঘাত করার জন্য আমি দুঃখিত। তবে আমার মূল উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা চেতনার ওপর শিবিরের যে আঘাত এসেছে, তার সমালোচনা করা।
' এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুস সাত্তার জয় জানান, 'ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার এই শিক্ষার্থী আইসিটি আইনে অপরাধ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের আইনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।' বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন আরও বলেন, 'আপাতত আইসিটি আইনের পরিপন্থী অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত মেনে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'।
সংঘাতে নয়, ছাত্রদল শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তির পথে বিশ্বাসী: নাছির উদ্দীন