Published : 06 Aug 2026, 12:16 AM
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর বিকেলে কলেজের ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের ইসদাইর এলাকার শের-ই বাংলা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। এই প্রসঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন অভিযোগ করেন, 'ক্যাম্পাসে সংঘর্ষের পর ছাত্রদলের কিছু নেতা-কর্মীরা হলে প্রবেশ করে আমার ঘর ভাঙচুর করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।' তিনি আরও জানান, 'আমার ল্যাপটপ এবং পাশের রুমের এক ভাইয়ের ট্যাবসহ এনআইডি কার্ড ও সার্টিফিকেট নষ্ট করে দেওয়া হয়। হামলাকারীরা কোনো ছাত্র ছিল না; বরং বস্তি ও টোকাই শ্রেণীর কিছু লোক এসে এই স্থানে হামলা চালায়।
' মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, 'ক্যাম্পাসে মারামারি হওয়ার পর ছাত্রদল অতর্কিতভাবে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর ও লুটপাট করেছে। তারা আমাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে। এই হামলাকারীদের ছাত্র আখ্যা দেওয়া ভুল; এরা আসলে ছিনতাইকারী দল।' তিনি জোর দিয়ে বলেন, 'ছাত্ররাজনীতিতে একটি নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা করা অপরিহার্য, অন্যথায় শিক্ষার পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।' এই বিষয়ে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার বক্তব্য অনুযায়ী, শিবিরের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে ছাত্রদলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়।
তিনি জানান, তারা ফোন চেক করে তা সাময়িকভাবে জব্দ করে পরে সুপারের কাছে দিয়ে এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হয়নি। অন্যদিকে, তোলারাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, তিনি এই হামলার বিষয়ে বিস্তারিত অবগত নন। তবে সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।।
স্মৃতিচারণ অনুষ্ঠানে এনসিপির প্রতিবাদ: ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে কেন বর্জন করলেন নেতৃবৃন্দ?