Published : 28 Jul 2026, 12:27 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সম্পদের হিসাব বা বিবরণী জমা দিতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের পক্ষের আইনজীবী এস.এম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত পনেরো জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বিচারক আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর দুদক থেকে নির্দেশ দেওয়া হয় যে তিনি নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত তথ্য বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করবেন। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কোনো হিসাব জমা দেননি। সম্পদের হিসাব দাখিল না করার কারণে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন উপপরিচালক মো. আহসান উদ্দিন।
এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালীন তালিকাভুক্ত সাতজন সাক্ষীর মধ্যে সাতজনেরই সাক্ষ্য গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক এবং তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।।
নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ: অজ্ঞাতদের হুমকি ও নজরদারির শিকার