Published : 21 Jul 2026, 04:11 PM
প্রধানমন্ত্রী কারো কাজের মান বা কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বিন্যাস বা মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই সম্ভাব্য পরিবর্তনটি সরকারের ১৮০ দিনের সময়সীমার আগে নাকি পরে ঘটবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তনের প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, 'আমি নিজেও নিশ্চিত নই, মিডিয়াতেও দেখছি।
এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।' তিনি আরও যোগ করেন, 'প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা এবং একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আমার যতটুকু ধারণা, যদি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রত্যাশিত ফল দিতে না পারেন, তবে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন।' তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, 'দিনের শেষে আমাদের লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা।
যদি প্রধানমন্ত্রী মনে করেন কোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তবে তিনি অবশ্যই সেই পথ অবলম্বন করবেন।' তিনি পুনরায় উল্লেখ করেন যে ১৮০ দিনের আগে বা পরে এই পরিবর্তন হবে, তা নিশ্চিতভাবে বলতে তিনি অপারগ।।
প্রবাসী কর্মীদের জন্য বিমান ভ্রমণ ও বলাকা লাউঞ্জে বিশেষ সুবিধা নিশ্চিত করল সরকার