Published : 16 Jul 2026, 07:14 PM
রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার সূচনা হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে এই মহোৎসবের যাত্রা শুরু হয়। এই রথযাত্রা আয়োজনের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। এই পবিত্র যাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল এবং পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। ইসকন এই ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের বিভিন্ন আয়োজন করেছে।
উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় আজ সকাল আটটায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি ও মঙ্গলের কামনায়। দুপুর দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দিরের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর আড়াইটার দিকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।
রথযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে। এছাড়াও শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত আছেন। আয়োজনের নবম দিনে, অর্থাৎ ২৪ জুলাই, বেলা তিনটায় একই পথে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে প্রত্যাবর্তন করবে।।