Published : 16 Jul 2026, 08:13 AM
যাত্রীদের সুবিধার জন্য সরকার ঢাকা-সিলেট-ঢাকা রুটে বিরতিহীন ট্রেনের ব্যবস্থা করছে। এরই মধ্যে 'টাঙ্গুয়ার এক্সপ্রেস' নামে একটি নতুন ট্রেন পরিষেবার অনুমোদন দেওয়া হয়েছে। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এই রুটে নতুন বিরতিহীন ট্রেন চালু করার অনুমতি দিয়েছেন। তবে এই নতুন ট্রেনগুলি বাস্তবে রূপ নিতে নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহ করা অপরিহার্য। মন্ত্রী উল্লেখ করেন, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। একই সাথে, রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য একটি পৃথক প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
প্রয়োজনীয় সরঞ্জাম হাতে এলে তবেই নতুন ট্রেনগুলি যাত্রা শুরু করবে। অন্যদিকে, একই রুটে ব্রডগেজ ট্রেনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথ মিটারগেজ লাইনে চলছে। ভবিষ্যতে এই রেলপথকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা গেলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালু করার বিষয়টি বিবেচনা করা হবে। এই সময়ে মন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে রেলের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপগুলিও তুলে ধরেন। ঢাকা-কুড়িগ্রাম রুটেও নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেন মন্ত্রী।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০টি মিটারগেজ কোচ এবং এআইআইবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ সংগ্রহ নিশ্চিত হলে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। এছাড়াও, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খুলনা-যশোর রুটের পুরোনো রেললাইন সংস্কার এবং সিগন্যালিং ব্যবস্থা আধুনিকায়নের কাজ চলছে। ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।।
বাজেট অধিবেশন সমাপ্ত: ২৬ দিনের আলোচনায় ১০টি সরকারি বিল অনুমোদিত