Published : 27 May 2026, 06:23 PM
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহা-২০২৬ এর প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই জামাতের আয়োজন করেছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা এই জামাতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। আধুনিক সব সুবিধা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নারী ও পুরুষদের জন্য আলাদা স্থানসহ ঈদ জামায়াতকে আরামদায়ক ও সুশৃঙ্খল করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। জাতীয় ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার, যার মধ্যে প্যান্ডেলের ক্ষেত্রফল ২৫ হাজার ৪০০ বর্গমিটার। এখানে ১২১টি সারিতে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।
ভিআইপি পুরুষদের জন্য ২৫০টি এবং নারীদের জন্য ৮০টি স্থান সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ৩১ হাজার পুরুষের এবং সাড়ে ৩ হাজার নারীর নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য চারটি গেট থাকবে—ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি। অন্যদিকে, বের হওয়ার জন্য সাতটি গেট রাখা হয়েছে, যেখানে ভিআইপিদের জন্য একটি, পুরুষদের জন্য পাঁচটি এবং নারীদের জন্য একটি গেট থাকবে। জামাতে ১২১টি সারি থাকবে, যার মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি, নারীদের জন্য ১টি, সাধারণ পুরুষদের জন্য ৬৫টি বড় সারি এবং নারীদের জন্য ৫০টি ছোট সারি থাকবে। অজুখানার ব্যবস্থা করা হয়েছে যেখানে একসাথে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন, পুরুষদের জন্য ১১৩টি এবং নারীদের জন্য ২৭টি স্থান রয়েছে। মুসল্লিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলো, বিশুদ্ধ পানীয় জল, নামাজের জন্য কার্পেট এবং ভিআইপি সারিতে জায়নামাজ সরবরাহ করা হবে।
এছাড়াও, নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপণের জন্য প্রস্তুত থাকবে। প্রাথমিক চিকিৎসা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন এবং পানি নিরোধক সামিয়ানা-সহ সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের আকৃষ্ট করতে ঈদগাহে তিনটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক ও ধর্মীয় পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।।
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির হচ্ছে না, ঠিকানা এখন চিড়িয়াখানা!