Published : 09 May 2026, 06:08 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের নেতা-কর্মীদের কাছে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের দেওয়া সমর্থন ও দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সরকার তার লক্ষ্য অর্জন করতে পারবে। তাই, নির্বাচনের সময় জনগণের কাছে করা প্রতিটি প্রতিশ্রুতি পূরণে আমাদের ‘নবযুদ্ধে’ অবতীর্ণ হতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘একটি কঠিন লড়াই আমরা শেষ করেছি। এখন শুরু হয়েছে নতুন এক যুদ্ধ – জনগণের কাছে দেওয়া কথাগুলো বাস্তবে রূপ দেওয়া।’ আজ শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আপনাদের বলেছিলাম, নির্বাচন সহজ হবে না। আপনারা মাঠ পর্যায়ে সেই কঠিন পরিস্থিতি অনুভব করেছেন।
মানুষ আমাদের দলের প্রতি, আমাদের নির্বাচনি ইশতেহারের প্রতি আস্থা রেখেছে।’ নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের প্রত্যাশায় পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগ পর্যন্ত আমাদের ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গীকারনামা। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে সরকার গঠনের পর, এই ইশতেহারটি আমাদের সরকারের, তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে রূপান্তরিত হয়েছে।’ তিনি বলেন, ‘কারণ দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের এই অঙ্গীকারনামার পক্ষেই রায় দিয়েছেন। তাই, এই ইশতেহারে যা যা বলা হয়েছে, তা বাস্তবায়নের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে মানুষকে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষাব্যবস্থা পাবে। নারী, পুরুষ, শিশু – সবাই নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে।’ তিনি বলেন, ‘যখন আমরা স্বৈরাচার ও ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম, আমাদের ওপর যে অত্যাচার, নির্যাতন, গুম-খুন চলছে, এর প্রতিকার হিসেবে আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে সবাই বিতর্ক করতে পারবে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে।
’ তারেক রহমান বলেন, ‘আমরা বলি, বর্তমান সরকার বিএনপি সরকার। অর্থাৎ সরকার ঠিক আছে, কিন্তু বিএনপির সহযোগিতা প্রয়োজন। তাই, বিএনপি যদি সহযোগিতা না করে, তাহলে সরকারের পক্ষে সাফল্য অর্জন করা কঠিন হবে।’ এর আগে, সকাল পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-এর মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়। দিনব্যাপী এই রুদ্ধদ্বার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।।