Published : 09 May 2026, 02:06 PM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করলো, আর সেই সরকারের নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। রাজ্যপাল আর এন রবি কলকাতায় ব্রিগেড ময়দানে শুভেন্দুকে শপথ বাক্য পাঠ করান। এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ পনেরো বছরের শাসনের যবনিকা পড়লো। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর – উভয় কেন্দ্রেই জয়লাভ করেন, যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পরপর দু’বার পরাজয়ের কারণ হয়। শপথ নেওয়ার পরপরই নতুন মুখ্যমন্ত্রী কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কালীঘাট মন্দির এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন।
আগামী বুধবার তিনি বিধানসভায় যাবেন, যেখানে নবনির্বাচিত বিধায়করাও শপথ নেবেন। উল্লেখ্য, আজ কলকাতায় রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে, এবং বিশ্লেষকদের মতে, বিজেপি এই বিশেষ দিনে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়ে ‘বাংলা বিরোধী’ তকমা থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছে। শপথ অনুষ্ঠানের মঞ্চে তাই বাঙালিয়ানার স্পষ্ট ছাপ দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে, ৮ মে বিজেপির সংসদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। আজ একই মঞ্চে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, তা এখনো জানানো হয়নি।
নরেন্দ্র মোদি ছাড়াও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিজেপির শীর্ষ নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ, আসামের হেমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশে নিযুক্ত হতে যাওয়া ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীও শপথ গ্রহণের সাক্ষী ছিলেন। শুভেন্দুর পরিবারের সদস্যরাও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন।।