Published : 07 May 2026, 11:06 PM
সকাল সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি ঘটে। চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সার্জেন্ট মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের বিপরীতে নগর পুলিশ লাইনসের সামনে কর্তব্যরত ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী কাঁদতে কাঁদতে এসে জানায়, তার এসএসসির প্রবেশপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র বাসে ফেলে এসেছে। ছেলেটির কথা শুনে সার্জেন্ট আলাউদ্দিন এক মুহূর্তও দেরি না করে বাসগুলোতে তল্লাশি শুরু করেন। পুরো টিম দ্রুত কাজ শুরু করে এবং ১৫ মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া ফাইলটি খুঁজে বের করতে সক্ষম হয়। সার্জেন্ট আলাউদ্দিন মুঠোফোনে জানান, খবরটি পাওয়ার সাথে সাথেই তিনি ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করেন এবং কর্মকর্তাদের নির্দেশনায় বিআরটিসির ১০ নম্বর ও ডাবল ডেকার বাসগুলোতে তল্লাশি চালানো হয়। প্রায় আড়াই কিলোমিটার দূরে ফলমন্ডি এলাকায় বাসটি খুঁজে পাওয়া যায় এবং শিক্ষার্থীর ফাইলটি উদ্ধার করা হয়।
এরপর দ্রুত মোটরসাইকেলে করে পরীক্ষার শুরু হওয়ার ১৫ মিনিট আগে ফাইলটি ছেলেটির হাতে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট আলাউদ্দিন আরও জানান, এই কাজে শুধু তার একার অবদান নয়, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। কন্ট্রোল রুম থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে থাকা সার্জেন্টরা সবাই সহযোগিতা করেছেন। সার্জেন্ট রেজাউল হক ও সার্জেন্ট আতিকুর রহমান ওই পরীক্ষার্থীকে তার কাগজপত্র বুঝিয়ে দেন। এই ঘটনার প্রেক্ষিতে সার্জেন্ট আতিকুর রহমান, সার্জেন্ট আলাউদ্দিনসহ দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, এই ঘটনা আবারও প্রমাণ করে যে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। ভবিষ্যতে এমন কাজের জন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করতে তাদের পুরস্কৃত করা হবে।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, এদিন চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার ২১৮ কেন্দ্রে মোট ১ লাখ ৫ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে ১ হাজার ১০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম জেলায় বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়সহ ১২৬ কেন্দ্রে ৭৭ হাজার ১১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, এবং ৭৫১ জন অনুপস্থিত ছিল।।
ব্যাংকিং খাতে চরম দুর্নীতি ও অর্থ পাচারের প্রতিবাদে আইনজীবীদের স্মারকলিপি