Published : 04 May 2026, 06:05 AM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলাই এখন থেকে নিজস্ব পরীক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে শিক্ষা বিষয়ক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই ঘোষণা দেন। ডিসিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাবনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “অনেক জায়গায় খেলাধুলার মাঠের অভাব, তার ওপর পর্যাপ্ত পরীক্ষাকেন্দ্রও নেই। তাই আমরা একটি নতুন প্রকল্প হাতে নিয়েছি, যার মাধ্যমে প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল তৈরি করা হবে।” জেলা প্রশাসকরা জানিয়েছেন, জিপিএ-৫ পাওয়ার তাড়নায় অভিভাবক ও শিক্ষার্থীরা দুশ্চিন্তায় ভোগেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী আরও বলেন, শ্রেণিকক্ষে হোয়াইটবোর্ডের বদলে চক ব্যবহারের সুযোগ থাকলে খরচ কমানো যেত, কারণ একটি কলমের দাম ৬০ টাকা, যেখানে ২০ টাকায় এক বক্স চক পাওয়া যায়।
অনেক শিক্ষক এই খরচ বাঁচানোর জন্য শ্রেণিকক্ষে কম লেখেন। তাই ব্ল্যাকবোর্ড ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। “কখনো আমরা পেছনের দিকে যাই, কখনো সামনের দিকে—ডিসিরা তাদের মতামত জানিয়েছেন,” বলেন মন্ত্রী। ডিসিরা শিক্ষাব্যবস্থাকে আনন্দদায়ক করার ওপর জোর দিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীরা স্কুলে আসতে আগ্রহী হবে যদি শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দঘন হয়। এছাড়া, কওমি মাদ্রাসাগুলোর জন্য একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। শিক্ষামন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
তবে, প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ মামলার কারণে প্রক্রিয়াটি আটকে আছে। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। পাশাপাশি, আগের সরকার তড়িঘড়ি করে ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগ দিয়েছিল, সেটিকেও সুসংহত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও, সরকারি হাই স্কুলগুলোতে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী