Published : 12 May 2026, 07:06 PM
আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ইংরেজি ভাষার দক্ষতা এক অপরিহার্য হাতিয়ার। কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই ভাষাভীতি আর জড়তা যেন এক চিরন্তন সমস্যা। অনেকেই একে জটিল ব্যাকরণের গোলকধাঁধাঁ মনে করেন, আবার কেউ উপযুক্ত পরিবেশের অভাবে মনের ভাব প্রকাশ করতে দ্বিধা বোধ করেন। এই দুর্বলতা দূর করতে চট্টগ্রাম বন্ধুসভা নিয়ে এসেছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা – ‘দ্য ইংলিশ ওরেটরি’। ৯ মে বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার কার্যালয়ে কর্মশালার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ইংরেজি শিক্ষক ও চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া ছিলেন মেন্টর হিসেবে। রুমিলা বড়ুয়া প্রথমেই জানতে চান, কেন আপনারা ইংরেজিতে কথা বলতে ভয় পান? আপনাদের প্রধান সমস্যাগুলো কী কী? শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় বারবার উঠে আসে একটি বিষয় – সঠিক পরিবেশের অভাব। আমাদের চারপাশে এমন সুযোগ কম, যেখানে নির্ভয়ে ইংরেজি চর্চা করা যায়।
ভুল হওয়ার ভয়ে অনেকেই মুখ খোলেন না। জড়তা ভাঙতে রুমিলা বড়ুয়া বলেন, ‘ইংরেজিতে কথা বলার সময় কখনোই লজ্জিত হবেন না। মনে রাখবেন, ভুল করা শেখার প্রথম পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভা এমন একটি মঞ্চ তৈরি করছে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে পারবে। এখানে কেউ কাউকে বিচার করবে না, বরং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’ এই কথাগুলো অংশগ্রহণকারীদের মনে নতুন আত্মবিশ্বাস জাগায়। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। রুমিলা বড়ুয়া বর্তমান যুগে ইংরেজির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে গিয়ে কীভাবে একজন দক্ষ বাগ্মী হওয়া যায়, তা শিখিয়েছেন।
ভাষার মাধ্যমে কীভাবে নিজের ব্যক্তিত্বকে আরও জোরালোভাবে উপস্থাপন করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়। কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা রুমি, কার্যনির্বাহী সদস্য তাজরিয়া রশিদ ও বন্ধু তুষার কবির। শেষে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত জানায় এবং অত্যন্ত উৎসাহ প্রকাশ করে। তাঁরা প্রতি সপ্তাহে অন্তত একটি করে এমন সেশন আয়োজনের অনুরোধ জানান, যা তাঁদের জড়তা কাটিয়ে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে সাহায্য করবে। বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা।।