Published : 01 Mar 2026, 05:06 PM
নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে এক হাট ইজারাদারের কাছে চাঁদা চেয়ে বিপাকে পড়েছেন যুবদল নেতা রাকিবুর রহমান, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সন্ধ্যায় তুলাধুনা বাজার থেকে তাকে আটক করে। এর আগে, ভুক্তভোগী ইজারাদার ওবায়দুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওসি’র সামনে ওবায়দুল ইসলামকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন রাকিবুর। টাকা দিতে অস্বীকার করলে তিনি ইজারাদারের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। ওসি তাৎক্ষণিকভাবে রাকিবুরকে রমজান মাসের পবিত্রতা স্মরণ করিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন।
স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি ফেসবুকে লাইভ করার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে, গত শুক্রবার রাতে ইজারাদার ওবায়দুল ইসলাম রাকিবুরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গতকাল সকালে যুবদল থেকে রাকিবুর রহমানকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটি তাগিদ দেয়। গতকাল সন্ধ্যায় ওবায়দুল ইসলাম বাদী হয়ে রাকিবুরের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয় দেখানোর অভিযোগে মামলা করেন। মামলাটি গ্রহণ করার পরপরই ডিবি পুলিশ তুলাধুনা বাজার থেকে রাকিবুরকে গ্রেপ্তার করে। পরে তাকে গুরুদাসপুর আমলি আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভুক্তভোগী প্রথমে মামলা করতে রাজি না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে মামলা দায়ের করার সাথে সাথেই অভিযুক্ত রাকিবুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রাকিবুর রহমান গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু দরপত্র প্রক্রিয়ায় তিনি হেরে যাওয়ায় ইজারা পান ওবায়দুল ইসলাম, যিনি গুরুদাসপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সহসভাপতি।।
স্বপ্ন পূরণের পথে বাবা: ছেলে ডাক্তার, মেয়ে নার্স—অসুবিধার মাঝেও এসএসসি পাসের গল্প