Published : 08 Mar 2026, 03:04 PM
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান। তিনি জানান, গত ২৫শে ফেব্রুয়ারি আনিস আলমগীরের জামিনের জন্য আবেদন করা হয়েছিল এবং আজ (৮ই মার্চ) শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করেন। আইনজীবী তাসলিমা জাহান আরও বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আইনজীবীদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, অন্য একটি মামলায় গত ৫ই মার্চ উচ্চ আদালত আনিস আলমগীরকে জামিন দিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১৪ই ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ডিএমপি গোয়েন্দা বিভাগে (ডিবি) নিয়ে যাওয়া হয়। পরদিন ১৫ই ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয় এবং পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উচ্চ আদালত ৫ই মার্চ তাঁকে জামিন দেন। গত ১৫ই জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২৫ই জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন। দুদকের অভিযোগ, আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।।
ঋণ আত্মসাতের মামলায় এস আলম ও পি.কে. হালদারের বিরুদ্ধে এফএসআইবি কর্মকর্তার সাক্ষ্য