Published : 17 Mar 2026, 09:06 AM
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত পাঁচটি সিনেমা অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় ছবিগুলো এখন প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন সোমবার (১৬ মার্চ) বিকেলে এই খবর নিশ্চিত করেন। জানা গেছে, বোর্ড সদস্যরা সিনেমাগুলো দেখার পর প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ছবিগুলোকে মুক্তির অনুমতি দিয়েছেন। নির্মাতারা এখন চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে পারবেন। সেন্সর পাওয়া সিনেমাগুলো হলো ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ বলেন, ‘আজ ছিল সেন্সর সনদ দেওয়ার শেষ তারিখ।
তাই আমরা গত কয়েকদিন ধরে জমা পড়া সিনেমাগুলো দেখছিলাম। বোর্ডের সকলের সম্মতিতে পাঁচটি সিনেমাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটি ভালো সিনেমা মুক্তি পাচ্ছে, যা দর্শকদের ঈদ উৎসবে আনন্দ দেবে।’ ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। অ্যাকশন, নাটকীয়তা, থ্রিলারসহ বিভিন্ন ধরনের গল্পে নির্মিত এই সিনেমাগুলো এবারের ঈদে দর্শকদের হলমুখী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের চলচ্চিত্রে নতুন গল্প বলার ধরণ এবং নির্মাণশৈলী যে পরিবর্তন দেখা যাচ্ছে, এই সিনেমাগুলোও তারই অংশ। সেন্সর পাওয়া ‘প্রিন্স’ সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান।
এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকে অভিনয় করেছেন। এছাড়াও, রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে দেখা যাবে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনয় করেছেন। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান, যেখানে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, উৎসবের আমেজে এই সিনেমাগুলো দেশের সিনেমা হলগুলোতে দর্শক টানবে এবং বক্স অফিসে ইতিবাচক প্রভাব ফেলবে।।
পোস্টারেই উন্মোচিত ভৌতিক জগৎ: নতুন হরর সিনেমা 'আন্ধার'র রহস্যময় আহ্বান