Published : 15 Mar 2026, 11:07 AM
ঈদের আমেজ বাজারে, আর ইউটিউবে জমে উঠেছে সিনেমার ট্রেলারগুলো। দর্শকদের পছন্দের তালিকায় এখন বাংলা সিনেমার জয়জয়কার। কয়েকদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা রণবীর সিংয়ের সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দুইটি বাংলাদেশি ছবি। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার এখন তালিকার এক নম্বরে, আর দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’–এর ট্রেলার। এসকে ফিল্মের ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগে প্রকাশিত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার টিজারটি ইতিমধ্যেই ৭ লাখের বেশি বার দেখা হয়েছে। নির্মাতারা বলছেন, এটি মুক্তির আগের ঝলক মাত্র। টিজারে শাকিব খানকে দেখা যাচ্ছে এক গ্যাংস্টারের ভূমিকায়। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এরপরই দর্শকদের সামনে আসেন প্রিন্স চরিত্রে শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস—অ্যাকশনের মেজাজে তিনি প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরাস্ত করেন। স্বাভাবিকভাবেই, শাকিব খান দর্শকদের বেশি আকর্ষণ করছেন।
এখানে ৭ হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন এবং ৩৪ হাজার দর্শক লাইক দিয়েছেন। অন্যদিকে, গতকাল প্রকাশিত সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমার ট্রেলারও বেশ সাড়া ফেলেছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ট্রেলারটি ৪ লাখের বেশি দর্শক দেখেছেন, আর ১৫ ঘণ্টায় ২০ হাজার দর্শক লাইক দিয়েছেন। ৫ হাজারের বেশি দর্শক ট্রেলারের প্রশংসা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এই সিনেমায় সিয়ামকে এক নতুন রূপে দেখা যাচ্ছে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় তিনি মারমুখী চরিত্রে অভিনয় করেছেন, যেখানে ভয়ংকর পরিস্থিতি তৈরি করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। সিনেমায় সিয়ামের সহশিল্পী টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তৃতীয় স্থানে রয়েছে রণবীরের ‘দ্য রিভেঞ্জ’, চতুর্থ স্থানে ভারতের আরেকটি সিনেমা ‘টক্সিক’ এর ট্রেলার। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ট্রেলার।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি একটি ট্রেন ভ্রমণের গল্প নিয়ে তৈরি। হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ট্রেলারটি এক দিনেই ৪ লাখের মতো দর্শক দেখেছেন। হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন এবং ১২ হাজার দর্শক লাইক দিয়েছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূরসহ অনেকে এতে অভিনয় করেছেন। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’–এর এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই অনলাইন জনপ্রিয়তা শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহের বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। তিনটি সিনেমাই ঈদের সময় মুক্তি পাবে।।
পোস্টারেই উন্মোচিত ভৌতিক জগৎ: নতুন হরর সিনেমা 'আন্ধার'র রহস্যময় আহ্বান