Published : 13 Aug 2026, 05:16 PM
দুই দেশের সরকার প্রধান যখন সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেন, তখন বহু সমস্যার সমাধান করার সুযোগ তৈরি হয়। এই প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে ভারতের উচিত এই সুযোগটি সদ্ব্যবহার করা। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এবং এই সফরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমানোর সুযোগ আছে কিনা—এই প্রশ্ন উত্থাপিত হলে প্রতিমন্ত্রী উত্তর দেন, ‘আমি মনে করি, যখন দুই দেশের শীর্ষ নেতারা কথা বলেন এবং দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান করার পথ খোলা থাকে। সেই সুযোগটি অবশ্যই বিদ্যমান।’ তিনি আরও যোগ করেন, ‘ভারতের পক্ষ থেকেও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, ঠিক আছে?’ জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের সাজা প্রাপ্ত শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি যে কোনো সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, তখন বাংলাদেশের জনগণ তা সহজে গ্রহণ করে না।
জুলাই মাসের ঘটনা এখনো মানুষের মনে গভীর দাগ রেখেছে এবং রক্তের ক্ষত এখনও শুকায়নি। তাই এই বিষয়ে আমাদের অত্যন্ত সংবেদনশীল থাকতে হবে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘যখন দুই দেশের প্রধানরা মিলিত হন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান সম্ভব এবং আমরা এটাই আশা করি। ভারত যেন এই বিষয়টি মনে রাখে।’ প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান ও ভারত সফরের প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, এখনো কোনো সফরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রী কবে জাপান যাবেন, তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
দুই দেশেরই একটি উপযুক্ত সময়ে তা নির্ধারণ করা হবে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য দেশ ভ্রমণ কোনো কিছুই এখনো চূড়ান্ত (ফাইনাল) হয়নি। এই সব বিষয়ে অবশ্যই দুই দেশের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’।
জনগণের ইচ্ছায় জুলাই সনদের সংস্কারে সরকার বদ্ধপরিকর: পরিকল্পনা প্রতিমন্ত্রী