Published : 24 Feb 2026, 01:06 AM
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি নিয়ে নতুন করে ভাবতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংস্থাটি বলছে, বিশাল অঙ্কের অর্থ খরচ করে পোশাক পরিবর্তন না করে বরং বাহিনীর আধুনিকীকরণ, প্রতিটি থানায় গাড়ি সরবরাহ এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বাড়ানো অনেক বেশি যুক্তিযুক্ত। গতকাল সোমবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক বেছে নিয়েছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, পরিবেশ এবং তাদের মতামতের দিকে নজর দেওয়া হয়নি। জনগণের মতামত যাচাই না করেই এই পোশাক নির্বাচন করা হয়েছে, যা অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সাথে হুবহু মিলে যায়। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে বলে অনেকে মনে করছেন। বিষয়টি অ্যাসোসিয়েশনের নজরে এসেছে এবং বাহিনীর অধিকাংশ সদস্য এই পরিবর্তনের সাথে একমত নন।
বিবৃতিতে পুলিশের পোশাকের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন ও ১০ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে তৎকালীন সরকার একটি কমিটির দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর পুলিশের আগের পোশাকটি নির্ধারণ করেছিল। সে সময় আবহাওয়া, দিন ও রাতে ডিউটি করার সুবিধা, পুলিশ সদস্যদের গায়ের রং এবং অন্যান্য বাহিনীর সাথে যেন মিল না থাকে—এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছিল। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, বাহিনীর বেশিরভাগ সদস্যই এই তড়িঘড়ি করে নেওয়া পরিবর্তনে রাজি নন। বরং তারা আগের পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে দেখেন। সাম্প্রতিক নির্বাচনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ বাহিনী এই পোশাক পরেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তাদের এই ভূমিকা দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে।
পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, এই বিপুল পরিমাণ অর্থ নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকীকরণ ও সক্ষমতা বাড়াতে ব্যবহার করা উচিত। পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মানসিকতা, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়ন এখন সবচেয়ে জরুরি। বিবৃতিতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হোক। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত বিষয়গুলো গুরুত্ব দিয়ে আরও গবেষণা ও জনমত যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।।
পল্লবীতে নৃশংস হামলা: বৃদ্ধা নিহত, এজাহার নিয়ে পুলিশের গড়িমসি!