Published : 20 Feb 2026, 05:06 PM
ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনু) ভূমি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সাথে সম্মানজনক ব্যবহার এবং সেবামূলক মানসিকতা প্রদর্শন অত্যাবশ্যক। নাগরিকরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকরী পরিষেবা আশা করে। আজ শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এই কথা বলেন। ভূমিমন্ত্রী প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার নির্দেশ দেন এবং স্পষ্ট ভাষায় বলেন, ‘কাজের কোনো গাফিলতি সহ্য করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই প্রশাসনিক কাজ পরিচালনা করতে হবে।’ তিনি রাজশাহীর প্রতি নিজের গভীর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা সবাই সহকর্মী, এখানে বস-কর্মচারীর কোনো ভেদাভেদ নেই।
আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত, তাই সেই দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আইন সবার জন্য সমান, এমনকি আমার সন্তানও যদি আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা বলেন মিজানুর রহমান। বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি জোর দেন। মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে কঠোর থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই কাজ করবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।
উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ এই সভার সভাপতিত্ব করেন। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক (মিলন), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।
পল্লবীতে নৃশংস হামলা: বৃদ্ধা নিহত, এজাহার নিয়ে পুলিশের গড়িমসি!