Published : 17 May 2026, 09:07 PM
কেউ হাজির হয়েছেন চট্টগ্রামের সুস্বাদু গরুর মাংসের কালাভুনা নিয়ে, কেউ আবার করেছেন ওরস বিরিয়ানি। বরিশালের চিংড়ির হুররা কিংবা সিলেটি আখনি পোলাও – প্রতিটি পদেই যেন নিজেদের অঞ্চলের সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। মসলার তীব্র সুবাসে বিচারকদের মন জয় করেছে কোনো পদ, আবার কোনোটা মুগ্ধ করেছে তার সূক্ষ্ম স্বাদের ভিন্নতায়। বিচারকদের মধুর সমস্যায় পড়তে হয়েছে – কোন পদটিকে ছেড়ে দেবেন, আর কোনটিকে এগিয়ে নিয়ে যাবেন! অবশেষে, মান ও রান্নার কৌশল বিচার করে ১০ জন রাঁধুনিকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রামে কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি ২০২৬’ নামে ঐতিহ্যবাহী রান্নার প্রতিযোগিতাটি চতুর্থবারের মতো শুরু হয়েছে। আজ রবিবার, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪০ জন প্রতিযোগী তাদের নিজস্ব রেসিপি অনুযায়ী বিচারকদের সামনে রান্না পরিবেশন করেন।
এর মধ্যে থেকে ১০ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। ‘পাক্কা রাঁধুনি ২০২৬’-এ অংশ নেওয়ার জন্য ১০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় ৫৭৪ জন রাঁধুনি ৬০০টির বেশি রেসিপি জমা দিয়েছেন। প্রাথমিক বাছাইয়ের পর ১২ মে বিচারকেরা ৪০ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করেন। এই পর্বে নির্বাচিত প্রতিযোগীরা নিজ নিজ বাসা থেকে তৈরি করা খাবার নিয়ে আসেন। আজকের বাছাইপর্বে বিচারক ছিলেন পেনিনসুলার নির্বাহী সু শেফ মো. জামাল হোসেন, রন্ধনশিল্পী জেবুন্নেসা বেগম ও জোবাইদা আশরাফ। প্রথম আলো চট্টগ্রামের সহকারী মহাব্যবস্থাপক মনজুর মোরশেদের সঞ্চালনায় কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সরদার নওশাদ ইমতিয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ১০ জন হলেন কোহিনূর ইয়াসমিন, নুর হোসেন, মমতাজ বেগম, জুলকার নাইন মো. ফাহিম, নার্গিস শামীমা, শাহরিন সুলতানা, ফারহানা চৌধুরী, মোহাম্মদ বাইজিদ, মাহামুদা আক্তার এবং শাহিরা হোসেন। তারা বিচারকদের সামনে রান্না করবেন। ২১ মে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেরা রাঁধুনিকে পুরস্কৃত করা হবে। এবারের প্রতিযোগিতার মূল বিষয় ‘দেশীয় রান্না’। ২০২৩ সাল থেকে চট্টগ্রামসহ সারা দেশের রাঁধুনিদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে শুধু চট্টগ্রামের রাঁধুনিদের জন্য এটি আয়োজন করা হলেও, পরবর্তীতে সারা দেশের প্রতিযোগীরা এতে অংশ নেওয়ার সুযোগ পান।।
পরীক্ষার খাতা না দেখানোর জেরে ছুরিকাঘাত! মিরসরাইয়ে এসএসসির দুই ছাত্র আহত, আটক ৪