Published : 19 Aug 2026, 08:16 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এ. কে. এম. আসাদুজ্জামান জনগণের প্রত্যাশা পূরণের এবং দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, কমিশন তার কাজ শুরু করেছে এবং ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বার্তা দেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পগোষ্ঠী এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের জমা দেওয়া অভিযোগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান স্পষ্ট করেন যে, বর্তমানে তাদের সামনে কোনো ফাইল আসেনি। তিনি বলেন, "আমরা কেবল বসে নেই; আমরা কাজ শুরু করেছি। আমাদের হাতে ফাইল আসুক, কীভাবে তা নিষ্পত্তি করা যায়, তা আমরা দেখাব।
" নতুন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠলে চেয়ারম্যান দৃঢ়ভাবে বলেন, "আমরা কোনো চাপের মুখে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি এবং ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আসবে।" নিয়োগ প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের প্রতি তিনি মন্তব্য করেন যে, এটি তাদের ব্যর্থতা, কারণ তিনি কাউকে তদবিরের মাধ্যমে নিয়োগ দেননি। কমিশনের কার্যক্রম পর্যালোচনা প্রসঙ্গে কমিশনার জাহাঙ্গীর আলম খান আহ্বান জানান যেন ফলাফলের দিকে নজর দেওয়া হয়, নাম বা পদবি নয়। তিনি বলেন, "বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। আমরা কী করব, তাও ফলাফলে দেখা যাবে।
" উল্লেখ্য, বুধবার সকাল ৯টায় দুদক চেয়ারম্যান এ. কে. এম. আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রথমবারের মতো কার্যালয়ে প্রবেশ করেন এবং সকাল ১০টায় তারা একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন দুদক সচিব সাইদুর রহমান এবং মহাপরিচালকসহ উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ. কে. এম. আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন।।
কলকাতায় হোটেল দগ্ধ, বাংলাদেশিসহ নয়জনের মর্মান্তিক মৃত্যু; এ কী ছিল আসল কারণ?