Published : 02 Aug 2026, 06:16 PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর জন্য দুবাইতে একটি আইন সংস্থা বা ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার (২ আগস্ট) রাজশাহীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এই তথ্য নিশ্চিত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা অবগত যে পুলিশ বাহিনীর সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাঁর জামিন বাতিল এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করেছে।
আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা এই ল’ফার্মের মাধ্যমে প্রয়োজনীয় নথি সংগ্রহ করার চেষ্টা করছি এবং আশা করছি দ্রুত তাঁর জামিন বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।' অন্যদিকে, পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই বিষয়ে তাদের কাছে কোনো দাপ্তরিক তথ্য নেই। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করে। ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
যদিও জামিন পেলেও দুবাই আদালত তাঁর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে; শর্ত অনুযায়ী তাঁর পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে বর্তমানে তাঁর দেশত্যাগের কোনো সুযোগ নেই।।