Published : 10 Jul 2026, 11:02 AM
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিয়ে সমালোচনার ঝড় থামছে না। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও সরাসরি তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ছাঁটাইয়ের দাবি তুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এই কিংবদন্তি আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্তগুলোর তীব্র সমালোচনা করেছেন। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আনচেলত্তির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে—যেমন নেইমারকে শুরু থেকে খেলানো না, বা ব্রুনো গিমারাইসকে পেনাল্টি মারার দায়িত্ব দেওয়া—এইসব প্রশ্ন ম্যাচ শেষে আনচেলত্তির সামনে উত্থাপিত হয়। কোচ অবশ্য নিজের মতো ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তা ব্রাজিলের সমর্থকদের মন জয় করতে পারেনি। রোমারিও কতটা ক্রুদ্ধ, তা তাঁর কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘আমি হলে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। ম্যাচ শেষে আমি সভাপতি হিসেবে লকার রুমে যেতাম এবং বলতাম, “ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়, গোল্লায় যান।
বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর আমরা দেখব কী হয়।”’ আনচেলত্তির কৌশল নিয়ে রোমারিও আরও আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, ‘সে কী ভাবছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো! আর এটা আপনি এ কারণে করলেন; কারণ, আপনি অন্য কোনো ফুলব্যাক দলে ডাকেননি? একজন ফুলব্যাক চোট পেল আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন?’ এরপর তিনি আরও বলেন, ‘এই মহাবিপর্যয় এবং লজ্জাজনক পরিস্থিতির পর আনচেলত্তি কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকতে পারেন না। আমি আগের তিনটি আলোচনাতেও এটি বলেছি এবং এখানেও আবার বলছি।’ রোমারিও যোগ করেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি বদলাতেই হবে। এভাবে চলতে পারে না! আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে।
আমাদের ফেলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। আমাদের তিতে ছিল, সে হেরেছে, থেকে গেছে এবং আবারও হেরেছে। আর এখন আমাদের এই আনচেলত্তি আছে, যে হেরেছে এবং এখনো থেকে যাচ্ছে।’ নরওয়ের বিপক্ষে পরাজয় এবং বিশ্বকাপ থেকে বিদায়ের বিতর্ক এই মন্তব্যের আগুনে ঘি ঢালল। রোমারিওর এই বক্তব্য ব্রাজিলের ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।।
মোসাদের সাথে গোপন চুক্তি এবং গৃহবন্দী থাকার দাবি নাকচ করলেন আহমাদিনেজাদ