Published : 15 May 2026, 08:03 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহাসড়কে পাঁচটি পুলিশ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ছিনতাই ও অন্যান্য অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই চেকপোস্টগুলো স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি ধর্ষণচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে জাকসু নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাকসু নেতারা সাতটি এবং সাধারণ শিক্ষার্থীরা ছয়টি সুনির্দিষ্ট দাবি জানান। কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এই দাবিগুলোর প্রেক্ষিতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, অভিযুক্ত অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা। উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে এবং দ্রুত অপরাধী গ্রেপ্তারের ব্যাপারে তারা আশাবাদী। এছাড়াও, ক্যাম্পাসকে আরও সুরক্ষিত করতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রধান গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত পুলিশের এই পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হবে, যা ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ফজিলাতুন্নেছা হলের কাছে এক ছাত্রীকে একা পেয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক বখাটে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা