Published : 14 May 2026, 04:05 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দেরাজারপাড়ায় এখন শুধুই হাহাকার। কাতার থেকে শুক্রবার দেশে ফেরার কথা ছিল মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদের। প্রবাসে কষ্টের জীবন যাপন শেষে এই দুই ভাইকে বিয়ে দিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর ছিল পরিবার। কিন্তু বিধাতার নিষ্ঠুর লিলায় সেই স্বপ্ন ভেঙে চূর্ণ হয়ে গেছে। বুধবার রাতে ওমানের আল মিলাদ্দাহ এলাকায় একটি পার্ক করা গাড়িতে তাদের বড় ভাই মুহাম্মদ রাশেদ ও মুহাম্মদ সাহেদের সাথে সিরাজ ও শহিদও প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটির কারণে গ্যাস লিক হয়ে বা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের প্রতিবেশী মাওলানা মো. ইদ্রিস জানান, সিরাজ ও শহিদ দেশে ফিরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
চার ভাই মিলে কেনাকাটার জন্য শপিং মলে যাচ্ছিলেন। রাশেদ ও সাহেদ বিবাহিত জীবনে সুখী ছিলেন। এই ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, গতকাল সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। সেখান থেকে তারা মিলাদ্দাহের দিকে রওনা হন। একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়িতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। রাত আটটার পর তারা ভয়েস মেসেজে এক স্বজনকে জানান, তারা অসুস্থ এবং গাড়ি থেকে বের হতে পারছেন না।
সাথে নিজেদের লোকেশনও পাঠান। স্থানীয় দুই বাংলাদেশি পুলিশ তাদের খবর পেয়ে গাড়ির দরজা খুলে চারজনের মরদেহ উদ্ধার করেন। রাঙ্গুনিয়ার বাড়িতে শোকের মাতম লেগেছে। যে মা ছেলেদের বিয়ের সানাই শোনার অপেক্ষায় ছিলেন, তিনি এখন চার সন্তানের লাশের জন্য অপেক্ষা করছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। বড় দুই ভাইয়ের স্ত্রী ও ছোট সন্তানদের কান্নায় বন্দেরাজার পাড়ার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা