Published : 04 May 2026, 05:07 AM
জীবনে সবচেয়ে গভীর জিজ্ঞাসা হলো – আমি কে? প্রায়শই আমরা নিজেদের পরিচয় খুঁজে ফেরা শুরু করি পেশা, পড়াশোনা, বাহ্যিক সৌন্দর্য, সম্পর্ক অথবা অন্যের স্বীকৃতির মাধ্যমে। মনে করি, সামাজিক অবস্থান বা মানুষের প্রশংসা আমাদের মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু এই পরিচিতিগুলো ক্ষণস্থায়ী। সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তিত হয়, এমনকি হঠাৎ করে ভেঙেও যেতে পারে। তাই এর ওপর ভিত্তি করে নিজের পরিচয় নির্মাণ করলে মনে অস্থিরতা ও শূন্যতা সৃষ্টি হয়। ইসলাম আমাদের শেখায়, একজন মানুষের আসল পরিচয় তার শরীর, সম্পদ বা পদমর্যাদা নয় – বরং সে আল্লাহ্র বান্দা। কোরআনে আল্লাহ্ বলেন, ‘আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সূরা আজ-জারিয়াত, আয়াত: ৫৬)। এই একটি আয়াতই আমাদের পরিচয়ের ভিত্তি স্থাপন করে দেয়।
আমরা আল্লাহ্র বান্দা – এই পরিচয়ই সবচেয়ে সম্মানিত এবং চিরন্তন। আল্লাহ্ আরও বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ্র কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ (সূরা হুজুরাত, আয়াত: ১৩)। রাসূল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪)। সমস্যা হলো, আমরা প্রায়শই এই পরিচয় ভুলে গিয়ে মানুষের চোখে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। সম্মান বা স্বীকৃতি পাওয়ার আশায় নিজেদের পরিবর্তন করি। কিন্তু মানুষের এই স্বীকৃতি কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। আসল শান্তি আসে তখনই, যখন মানুষ বুঝতে পারে – আমি কারো কাছে নিজেকে প্রমাণ করতে আসিনি, বরং আল্লাহ্র বান্দা হিসেবে তাঁর নির্দেশিত পথে জীবনযাপন করতে এসেছি।
আমরা কারো কন্যা, কারো স্ত্রী বা কারো মাতা হতে পারি – কিন্তু এগুলো আমাদের মূল সত্তা নয়। সময়ের সাথে সাথে এই পরিচয়গুলো স্মৃতিতে বিলীন হয়ে যেতে পারে। তাই, নিজের দিকে ফিরে তাকানো প্রয়োজন – আমি কি এখনো আল্লাহ্র বান্দা হিসেবে জীবনযাপন করছি, নাকি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি? আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা। আমরা অবশ্যই সবার প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করব, তবে একটি নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে। ফরজ ইবাদত পালনে যদি আপনজন অসন্তুষ্ট হয়, তবে তাদের বুঝিয়ে বলা উচিত। আর যদি তারা না বোঝে, তবে নিজের সিদ্ধান্তে স্থির থেকে নীরবতাই ইসলামের সৌন্দর্য। পরিশেষে, আমাদের পরিচয় কোনো লেবেল, নাম বা পদমর্যাদা নয়; আমাদের আসল পরিচয় হলো – ‘আমি আল্লাহ্র বান্দা’। [email protected] ইসমত আরা: শিক্ষক ও লেখক।
সাহারা মরুভূমিতে এক ভয়াবহ যাত্রা: ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জন