Published : 09 Apr 2026, 11:05 PM
নারায়ণগঞ্জের সংস্কৃতিচর্চার অগ্রদূত নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ৪৫ বছর পেরিয়ে উদযাপন করছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সংগঠনটি চার দিনের এক মনোজ্ঞ উৎসবের আয়োজন করেছে। উৎসবের বিস্তারিত তথ্য জানিয়ে জোটের প্রচার সম্পাদক উজ্জ্বল উচ্ছাস এক বিজ্ঞপ্তিতে জানান, এই উৎসব চলবে ১ থেকে ৪ বৈশাখ পর্যন্ত। মঙ্গলবার, ১ বৈশাখ সকাল ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বাঁশি, তবলা, সংগীত, আবৃত্তি ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে শুরু হবে দিনটি।
এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চিত্রশিল্পী রফিকুন নবী। উদ্বোধনের পর জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন সংগীত, আবৃত্তি, নৃত্য, কবিতাপাঠ ও নাটক পরিবেশন করবে। ২ বৈশাখ বুধবার বিকেলে একই স্থানে সংগীত, আবৃত্তি ও নৃত্যের পাশাপাশি সন্ধ্যায় দেশের প্রখ্যাত বাউলশিল্পীদের কণ্ঠে শোনা যাবে বাউলগান। ৩ বৈশাখ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বাউল উৎসব, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা তাদের সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তুলবেন।
উৎসবের শেষ দিন, ৪ বৈশাখ সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’। ১৯৮১ সালে নারায়ণগঞ্জের পাঁচটি সংস্কৃতিমনা সংগঠন—সাহিত্য বিতান, শাপলা, পলাশ, ড্যাফোডিল ও দারুচিনি—একযোগে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ নেয়। সেই বছর পয়লা বৈশাখের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারে মিলিত হয়ে শোভাযাত্রা ও চাষাঢ়া গোলচত্বরে বৈশাখী গান ও কবিতার আসরের মাধ্যমে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পথচলা শুরু হয়। পরবর্তীতে উদীচী, সুধীজন পাঠাগার, নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও একতা খেলাঘর আসর এই জোটে যুক্ত হয়।।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা