Published : 14 Jan 2026, 03:06 PM
মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে গ্রোট আ হোমিনিডেস গুহায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রায় ৭ লক্ষ ৭৩ হাজার বছর আগের আদিম মানুষের জীবাশ্ম। এই আবিষ্কার মানবজাতির উৎস অনুসন্ধানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। প্রাপ্ত জীবাশ্মগুলোর মধ্যে রয়েছে দুজন বয়স্ক মানুষ ও একটি শিশুর চোয়ালের অংশ, দাঁত, ঊরুসন্ধি এবং মেরুদণ্ডের কিছু খণ্ড। বিজ্ঞানীরা বলছেন, হাড় ও দাঁতের গঠনে আধুনিক ও প্রাচীন বৈশিষ্ট্যগুলোর এক মিশ্রণ দেখা যায়, যা মানব বিবর্তনের ধারায় এক গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। জীবাশ্ম থেকে প্রাপ্ত মুখমণ্ডলের গঠন অনেকটা আধুনিক হোমো সেপিয়েন্সের মতো সমতল ও হালকা, তবে মাথার খুলির অন্যান্য অংশ, বিশেষ করে ভুরুর হাড় এবং মস্তিষ্কের আকার প্রাচীন হোমো প্রজাতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এই আদিম মানুষেরা ভূমধ্যসাগরের দুই পাড়ে বসবাস করত।
এই আবিষ্কার প্রচলিত ধারণা বদলে দিতে পারে যে আধুনিক মানুষের উদ্ভব শুধুমাত্র আফ্রিকাতেই হয়েছিল। নতুন প্রমাণ বলছে, আধুনিক বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বিকশিত হওয়ার আগেই মানুষের আদি বসতি আফ্রিকা থেকে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং সেখানে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছিল। গুহাটি সম্ভবত একসময় শিকারী প্রাণীদের আবাসস্থল ছিল। ঊরুসন্ধির হাড়ে হায়েনার দাঁতের ছাপ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হয় ব্যক্তিটি হায়েনার আক্রমণে নিহত হয়েছিল। বিজ্ঞানী জ্যাঁ-জ্যাক হুবলিন মনে করেন, এই আদিম জনগোষ্ঠী থেকেই পরবর্তীতে আফ্রিকান বংশোদ্ভূত হোমো সেপিয়েন্স এবং ইউরেশিয়ান বংশোদ্ভূত নিয়ান্ডারথালদের উদ্ভব হয়েছে। এর আগে মরক্কোর জেবেল ইরহাউডে ৩ লক্ষ ১৫ হাজার বছর পুরোনো হোমো সেপিয়েন্সের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
এই নতুন জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়েছে গুহার তলদেশের চৌম্বকীয় সংকেত বিশ্লেষণের মাধ্যমে। জেনেটিক গবেষণা অনুযায়ী, আধুনিক মানুষ, নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদের পূর্বপুরুষেরা প্রায় ৫ লক্ষ ৫০ হাজার থেকে ৭ লক্ষ ৬৫ হাজার বছর আগে পৃথিবীতে বাস করত। মরক্কোর এই জীবাশ্মগুলোর সঙ্গে স্পেনে প্রাপ্ত হোমো অ্যান্টিসেসরের কিছু মিল খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানী হুবলিন বলছেন, মরক্কো এবং স্পেনের এই প্রাচীন মানুষদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে, যা থেকে ধারণা করা যায় জিব্রাল্টার প্রণালি দিয়ে সম্ভবত সেই সময় এই দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ ছিল। সূত্র: ডেইলি মেইল।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?