Published : 13 Jan 2026, 05:05 PM
চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটগুলো এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং টেক্সট থেকে ছবি ও ভিডিও তৈরি করে বিভিন্ন কাজ নিমেষে করে ফেলতে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর ব্যবহার বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে গুগল নিয়ে এসেছে ‘ইউনিভার্সাল কমার্স প্রোটোকল’ (ইউসিপি)। এর মাধ্যমে এআই চ্যাটবট ব্যবহার করে সরাসরি অনলাইন থেকে পছন্দের জিনিস কেনা আরও সহজ হবে। ইউসিপি হলো একটি উন্মুক্ত মান যা এআই চ্যাটবটকে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে দ্রুত পণ্য কিনতে সাহায্য করবে। শপিফাই, ইটিসি, ওয়েফেয়ার, টার্গেট ও ওয়ালমার্টের মতো বড় প্ল্যাটফর্মের সহায়তায় তৈরি হওয়া এই প্রোটোকল ব্যবহারকারীদের পছন্দের জিনিস খুঁজে পেতেও সাহায্য করবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ‘এজেন্টিক কমার্স’ বা চ্যাটবট-নির্ভর বাণিজ্যকে জনপ্রিয় করা। গুগল জানিয়েছে, বর্তমানে ২০টির বেশি প্রতিষ্ঠান এই প্রোটোকলকে সমর্থন করছে। এর মধ্যে আমেরিকান এক্সপ্রেস, বেস্ট বাই, ম্যাসিস, মাস্টারকার্ড, স্ট্রাইপ, হোম ডিপো ও ভিসার মতো আন্তর্জাতিক ব্র্যান্ড উল্লেখযোগ্য। এই প্রোটোকলের মাধ্যমে গুগল পের মাধ্যমে কেনাকাটার মূল্য পরিশোধ করা যাবে এবং গুগল ওয়ালেট থেকে ডেলিভারির ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। খুব শীঘ্রই পেপ্যালও এই ব্যবস্থায় যুক্ত হবে। গুগল বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘বিজনেস এজেন্ট’ নামে একটি বিশেষ পরিষেবাও চালু করেছে।
এটি প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব ভার্চুয়াল বিক্রয়কর্মী হিসেবে কাজ করবে। উদাহরণস্বরূপ, যদি কেউ গুগলে রিবক ব্র্যান্ডের জুতা খুঁজতে শুরু করে, তবে রিবকের নিজস্ব এআই এজেন্ট তার সামনে হাজির হবে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সঠিক জুতাটি খুঁজে পেতে এবং কিনতে সাহায্য করবে। লোস, মাইকেলস ও পশমার্কের মতো ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই এই পরিষেবা ব্যবহার করছে। উৎস: ম্যাশেবল।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?