Published : 09 Jan 2026, 01:05 PM
মোবাইল অপারেটর বাংলালিংক দেশজুড়ে চালু করেছে ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা এখন তাদের বাড়ির বা অফিসের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটিতে কথা বলতে পারবেন। দুর্বল নেটওয়ার্কের কারণে যেখানে মোবাইল সিগন্যাল পাওয়া যায় না, সেখানেও এই সুবিধা কাজে লাগবে। বাংলালিংক জানিয়েছে, উঁচু ভবন, জনবহুল এলাকা এবং দুর্গম অঞ্চলের গ্রাহকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী হবে। গত বছর ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছিল।
এখন আনুষ্ঠানিকভাবে এটি সবার জন্য উন্মুক্ত করা হলো। এই নতুন সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করতে হবে না, অথবা আলাদা করে নিবন্ধন করার প্রয়োজন নেই। ওয়াই-ফাই এবং মোবাইল নেটওয়ার্কের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কল সুইচিং হবে, ফলে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই কথা বলতে পারবেন। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এই প্রযুক্তি স্থান-কাল-পাত্র নির্বিশেষে উন্নত মানের ভয়েস কলিং নিশ্চিত করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহরের যেকোনো প্রান্তেই গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে কল করার সুযোগ পাবেন।
” তিনি আরও জানান, ভিও ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই চ্যানেলকে ভয়েস কলের মাধ্যম হিসেবে ব্যবহার করবে। বর্তমানে, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেল এবং নির্বাচিত আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। বাংলালিংক নিয়ন্ত্রক সংস্থা এবং ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করে এই সেবার পরিধি আরও বাড়াতে চায়। নতুন এই প্রযুক্তি বাংলালিংকের এলটিই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত সংযোগ নিশ্চিত করবে।।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?