Published : 20 Jul 2026, 01:13 AM
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জোর দিয়ে বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা, ত্যাগ এবং ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জুলাইকে বাঁচিয়ে রাখা অপরিহার্য। এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী ও সমর্থক জীবন উৎসর্গ করেছেন। তাঁরা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়; বরং গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে তাঁরা রাস্তায় নেমেছিলেন। এই আত্মত্যাগের পাশাপাশি প্রায় এক হাজার চারশো ছাত্র-জনতার অবদানও জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই-ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এই বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি। রাকিবুল ইসলাম বলেন, এই প্রজন্মের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ।
যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের ভূমিকার প্রশংসা করে বলেন, কঠিন পরিস্থিতিতেও তাঁরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার মুখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আরও উল্লেখ করেন যে, গত দুই বছরে ছাত্রদল কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতার দখল, ঘর দখল বা সাধারণ শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার রাজনীতি করেনি। শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি করাও ছাত্রদল কখনোই করেনি। তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন যে, জুলাই-আগস্টের শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে ভবিষ্যতে দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশের সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের গুরুত্বকে ছোট করে দেখা উচিত নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন।।