Published : 20 Aug 2026, 06:16 AM
বর্তমান কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই সাক্ষাতে শেখ মোহাম্মদ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন। আলোচনার সময়, ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড. খলিলুর রহমান বাংলাদেশের পক্ষ থেকে কাতারের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন যে এই ভূমিকা বৃহত্তর অঞ্চলের বাইরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের একশত একতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। একই সাথে, তিনি তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনার পরবর্তী পর্যায়ে, ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরপর পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন এবং তারা বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
রাষ্ট্রপতি নির্বাচনের লাইভ সম্প্রচার শুরু হবে ৫ মিনিট আগে: চিফ হুইপের ঘোষণা